রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ অন্তত নয়জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কারের তালিকায় আরও রয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও আব্দুল খালেক। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকেও বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। নির্ধারিত সময়ের মধ্যেই বিএনপি ও জোটের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেও বহিষ্কৃত নেতাদের অনেকেই দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
দলীয় সূত্রগুলো বলছে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়াই এই বহিষ্কারের প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে।
এর আগে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন।
