AdvertisementAdvertisement

মানবিক সহায়তা ও শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবিলায় সহায়তা কার্যক্রম জোরদার, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি স্থাপনের প্রতিটি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে দেওয়া বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি রাষ্ট্রটির অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং সমাজের প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিকূল পরিস্থিতিতেও মানবিক সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের এই সক্রিয় অবস্থান বিশ্বমঞ্চে প্রশংসিত হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে প্রতিমন্ত্রী শান্তি প্রতিষ্ঠা, সংঘাত প্রতিরোধ এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ায় নারীদের অপরিহার্য ভূমিকার ওপর আলোকপাত করেন। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, নেতৃত্ব ও অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি। বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা খাতে নারীদের অর্থবহ অংশগ্রহণ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

Advertisement
বিজ্ঞাপন

বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শামা ওবায়েদ ইসলাম আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক অর্থায়নের ঘাটতি মেটানোর তাগিদ দেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক মহলের জোরালো সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য বৈশ্বিক চাপ প্রয়োগের আহ্বান জানান।

আগামী ১৮ জুন প্রতিমন্ত্রী ইকোসকের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন। একই দিনে জাতিসংঘ সদর দপ্তরে ইউএন উইমেনের আন্ডার-সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

সম্পর্কিত- শামা ওবায়েদ
0%
0%
0%
0%