বলিভিয়ায় জরুরি অবস্থা জারি: শান্ত হচ্ছে রাজপথ, সেনা মোতায়েন অব্যাহত

বোলিভিয়ায় সরকারবিরোধী টানা পাঁচ সপ্তাহের অস্থিরতা ও বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট রদ্রিগো পাজের জারি করা জরুরি অবস্থার প্রেক্ষিতে দেশজুড়ে স্বস্তি ফিরেছে। প্রেসিডেন্টের এই ডিক্রি অনুযায়ী, এখন থেকে জননিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সামরিক বাহিনীকে মোতায়েন করার অনুমতি পেয়েছে প্রশাসন। আইনসভার অনুমোদন পাওয়ার পর থেকেই সড়কে চলাচলের পথে সব ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্টের এই কঠোর পদক্ষেপের পর রবিবার সকাল থেকেই দেশটিতে কোনো সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। সান জুলিয়ান শহরের মতো গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ তুলে নেওয়ার বিষয়ে সরকারি কর্মকর্তা ও আন্দোলনকারীদের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। লা পাজে আন্দোলনরত গ্রামীণ ও আদিবাসী গোষ্ঠীগুলোর ফেডারেশন তাদের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে, তবে তারা সরকারবিরোধী দাবি থেকে সরে আসার বিষয়টি নাকচ করে দিয়েছে।

দীর্ঘ পাঁচ সপ্তাহ ধরে চলা এই অবরোধের কারণে খাদ্য, জ্বালানি এবং জরুরি ওষুধ পরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। বলিভিয়ার ন্যায়পাল কার্যালয় ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, অবরোধের ফলে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৩৭ জন আহত হয়েছেন এবং প্রায় ৩৬৫ জনকে আটক করা হয়েছে।

বলিভিয়ার জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সব সড়ক সচল হলেও চলাচলের উপযোগী করতে এখনো ব্যাপক সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে। যদিও বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, সরকারের এই কঠোর অবস্থান জনগণের মূল সংকটের সমাধান না করলে দীর্ঘমেয়াদে অস্থিরতা আরও বাড়তে পারে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের টহল অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%