AdvertisementAdvertisement

নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী সদর উপজেলার সোনাপুর এলাকায় ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার বিকেলে সোনাপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক ও সোনাপুর বাজার এলাকায় জেলা কার্যালয়ের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে নিত্যপণ্যের ক্রয়-বিক্রয়ের রশিদ যাচাই, অনুমোদনহীন শিশু খাদ্য বিপণন এবং দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন না করার মতো অনিয়মগুলো পর্যবেক্ষণ করা হয়। অতিরিক্ত মুনাফার মাধ্যমে সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে কি না, তাও কঠোরভাবে তদারকি করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

নিয়ম অমান্য করায় বিশ্ববিদ্যালয় সড়ক এলাকার মেসার্স ঢাকা স্টোরকে ১০ হাজার টাকা এবং সোনাপুর বাজারের মেসার্স রহমানিয়া স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে আইন অমান্যকারী অন্য ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল তাকে সার্বিক সহায়তা প্রদান করে।

Advertisement
বিজ্ঞাপন

ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তারেক রহমান সরকারের ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

0%
0%
0%
0%