বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ আমিরাত প্রেসিডেন্টের কৃতজ্ঞতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা

ইরানি হামলার প্রেক্ষাপটে বাংলাদেশের সংহতি ও অকুণ্ঠ সমর্থনকে সাধুবাদ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে তিনি অদূর ভবিষ্যতে ঢাকা সফরের প্রবল আগ্রহ ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার ঢাকাস্থ আমিরাত দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এই সংকটাপন্ন মুহূর্তে বাংলাদেশের সাহসী অবস্থানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাম্প্রতিক এই হামলায় সংযুক্ত আরব আমিরাতে কর্মরত দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ায় তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারসহ বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।
চিঠিতে আমিরাতের রাষ্ট্রপ্রধান অর্থনৈতিক, সামাজিক ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর পাঠানো আমন্ত্রণকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তিনি জানিয়েছেন যে, সুযোগ পাওয়া মাত্রই তিনি সরকারি সফরে ঢাকা আসবেন। এই সফর দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের দীর্ঘদিনের সুসম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে চিঠিতে উল্লেখ করা হয় যে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, প্রগাঢ় বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার অভিন্ন লক্ষ্যের ভিত্তিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি শক্তিশালী ও বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। উভয় রাষ্ট্রই ভবিষ্যতে এই সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করতে বদ্ধপরিকর।
