আশুলিয়া নৌপথে বড় জাহাজ চলাচলে বিশেষ সতর্কতা জারি করেছে বিআইডব্লিউটিএ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ চলমান থাকায় আশুলিয়া সেতু সংলগ্ন নৌপথ দিয়ে নৌযান চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। সেতু অপসারণের পূর্বপ্রস্তুতি হিসেবে নদীর উভয় তীরে পাইল স্থাপন ও স্টেজিং নির্মাণের কাজ চলায় নৌচ্যানেলটি বর্তমানে অস্বাভাবিকভাবে সংকীর্ণ এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সব ধরনের নৌযানকে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে সতর্কতার সঙ্গে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএর নৌপথ শাখা থেকে জারি করা সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্মাণকাজে ব্যবহৃত ড্রেজার ও অন্যান্য ভারি যন্ত্রপাতির অবস্থানের কারণে নৌযান চলাচলের পথটি বর্তমানে অত্যন্ত সরু ও বাঁকযুক্ত। বিশেষ করে তেলবাহী ট্যাংকারসহ বড় আকারের নৌযানগুলোর পক্ষে এই সরু চ্যানেল অতিক্রম করা এবং মোড় নেওয়া বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এ এলাকায় স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়া, দৃষ্টিসীমা কমে যাওয়া এবং নির্মাণাধীন স্থাপনার সঙ্গে সংঘর্ষের প্রবল আশঙ্কা থাকায় বাড়তি সতর্কতার ওপর জোর দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, সেতু অপসারণের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সব নৌযানকে বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত পাইলট সঙ্গে নিয়ে চলাচলের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে নির্ধারিত ড্রাফট মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে দক্ষ নাবিক বা চালক দ্বারা নৌযান পরিচালনা নিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।
প্রতিকূল আবহাওয়া বা দুর্যোগপূর্ণ পরিস্থিতির পূর্বাভাস থাকলে নৌযানগুলোকে নিরাপদ স্থানে নোঙর করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এছাড়া নৌপথের নিরাপত্তা বজায় রাখতে সব সময় বাতি জ্বালানো, ফগ সিগন্যাল ব্যবহার এবং ঘণ্টা বাজানোর মতো প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়টি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নৌপথ পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত এই বিশেষ সতর্কবার্তা বহাল থাকবে বলে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে জানানো হয়েছে।
