ইউএই থেকে প্রত্যর্পিত কিশোর লন্ডনে নারী হত্যায় অভিযুক্ত

পশ্চিম লন্ডনে এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রত্যর্পণের পর ১৮ বছর বয়সী এক কিশোরকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। গত ৬ এপ্রিল পশ্চিম লন্ডনের বেজওয়াটার এলাকার একটি সম্পত্তি থেকে ২৭ বছর বয়সী কামোন্নান থিয়ামফানিটকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে হত্যার অভিযোগ আনা হয়েছে ১৮ বছর বয়সী এনজো বেত্তামিও-র বিরুদ্ধে।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সকাল প্রায় ৮:৩০ মিনিটে স্ট্যানহোপ প্লেসের নিজ বাড়িতে কামোন্নান থিয়ামফানিটকে, যিনি অ্যাঞ্জেলা নামেও পরিচিত ছিলেন, একাধিক ছুরিকাঘাতের চিহ্নসহ মৃত অবস্থায় পাওয়া যায়। তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, এনজো বেত্তামিও-কে, যার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, শুক্রবার দুবাই থেকে যুক্তরাজ্যে একটি ফ্লাইটে সফলভাবে প্রত্যর্পণ করা হয়েছে। ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রত্যর্পণ ও আন্তর্জাতিক ইউনিটের বিশেষজ্ঞ আইনজীবী এবং পুলিশের যৌথ তদন্তের পর এই প্রত্যর্পণ সম্ভব হয়।
শনিবার বেত্তামিও-র বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কামোন্নান থিয়ামফানিটকে হত্যার অভিযোগ আনা হয় এবং তাকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তিনি কেবল তার নাম ও জন্মতারিখ নিশ্চিত করেন এবং জামিন নামঞ্জুর করে তাকে হেফাজতে পাঠানো হয়। মঙ্গলবার তাকে ওল্ড বেইলি আদালতে হাজির করা হবে বলে জানানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, থিয়ামফানিটের পরিবারকে এই বিষয়ে অবহিত করা হয়েছে এবং বিশেষজ্ঞ কর্মকর্তারা তাদের সহায়তা অব্যাহত রেখেছেন। তদন্তের নেতৃত্বদানকারী ডিসিআই অ্যালিসন ফক্সওয়েল এই কঠিন সময়ে অ্যাঞ্জেলার পরিবার ও বন্ধুদের ধৈর্য এবং অটল সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
দ্বৈত চীনা-হংকং এবং থাই নাগরিকত্বের অধিকারী থিয়ামফানিট সম্পত্তি ব্যবস্থাপনার কাজ করতেন। তিনি প্রায় নয় বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছিলেন।
তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান
