Advertisement

পাকিস্তান ও নরওয়ের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং পাকিস্তান ও নরওয়ের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রায় দশ বছর পর নরওয়ের কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এসপেন বার্থ এইডে পাকিস্তান সফরে এলেন।

বৈঠকে ফিল্ড মার্শাল আসিম মুনির বৈশ্বিক শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

বিজ্ঞাপন

উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সফরের অংশ হিসেবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক বিষয়াবলি এবং শিক্ষা খাতে সহযোগিতার পর্যালোচনাসহ প্রবাসীদের অবদানের বিষয়গুলো উঠে আসে। দুই দেশের প্রতিনিধিদল জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়েও একমত পোষণ করেছেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে পাকিস্তানর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের গঠনমূলক ভূমিকার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। দুই দেশের এই আলোচনা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের শান্তিপ্রিয় ভাবমূর্তিকে নতুন মাত্রা দেবে বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%