মোদি শাসনামলে শিখদের ওপর গণহত্যা চলছে দাবি পান্নুর আগামী ১৬ আগস্ট খালিস্তান গণভোটের ঘোষণা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে শিখ সম্প্রদায়ের ওপর পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ‘শিখস ফর জাস্টিস’-এর শীর্ষ নেতা গুরপতবন্ত সিং পান্নুন। লাহোর প্রেস ক্লাবে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন। এসময় তিনি দাবি করেন যে, চরম ঋণগ্রস্ত হয়ে পড়া ভারতের প্রায় ১৮ হাজার শিখ কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
ভোটের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন আনার প্রচেষ্টার কথা জানিয়ে গুরপতবন্ত সিং পান্নুন বলেন, আগামী ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রে খালিস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গণভোট অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত শিখ সম্প্রদায়ের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণকে শুভেচ্ছা জানান এই শিখ নেতা। পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনীরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তাঁর বিচক্ষণ নেতৃত্বে পাকিস্তান অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে এবং বর্তমানে বিশ্বমঞ্চে দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
