Advertisement

হাটহাজারী সরকারি কলেজে বিএনসিসির মশকনিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ প্রাঙ্গণে বিএনসিসি প্লাটুনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি, মশক নিধন এবং পরিবেশ রক্ষায় বিশেষ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ প্লাটুন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

কোম্পানি কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট মো. আবু তালেবের নেতৃত্বে প্লাটুনের অর্ধশতাধিক ক্যাডেট এই জনসচেতনতামূলক কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অভিযানের মূল লক্ষ্য ছিল ক্যাম্পাসে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং এডিস মশার লার্ভা ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ করা।

বিজ্ঞাপন

এ সময় হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে ছিলেন মনজুর আলী তালুকদার, আবু মুছা মো. মামুন, মো. সাইফুদ্দীন চৌধুরী, কাজী মো. জয়নুল আবেদীন, আবদুল্লাহ আল আহসান চৌধুরী, মায়মুন আলী, মো. আলফাজ উদ্দীন, নিজাম উদ্দীন ও নুসরাত জাহান সিদ্দিকা।

পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও আবর্জনা অপসারণ করা হয়, যা মশার বংশবিস্তার রোধে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে কলেজের অধ্যক্ষ প্রাঙ্গণে একটি ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। আয়োজনে সামরিক স্টাফ ল্যান্স কর্পোরাল মাহফুজুর রহমান, সিইউও ইমতিয়াজুল হক ও ক্যাডেট সার্জেন্ট ফাতেমা আক্তার মিমসহ ক্যাডেটরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%