নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় জেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে শীর্ষে আদর্শ উচ্চ বিদ্যালয়

নারায়ণগঞ্জ জেলায় অনুষ্ঠিত এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে শিক্ষার্থীরা। জেলায় এবার পাসের হার ৭২ দশমিক ২০ শতাংশ এবং মোট ১ হাজার ৩৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনের কৃতিত্ব দেখিয়েছে। সামগ্রিক ফলাফলের দিক থেকে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে নারায়ণগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৬১৫ জন শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৫৮৩ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জনের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
সাফল্যের বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মদ বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কখনো আপস করেনি। শিক্ষকদের একাগ্রতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের নিরবচ্ছিন্ন সহযোগিতার কারণেই এই ঈর্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে কার্যকর ও আধুনিক শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, নারায়ণগঞ্জ জেলায় এসএসসি পরীক্ষায় মোট ২৭ হাজার ৮২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল, যাদের মধ্যে ২০ হাজার ৮৫ জন উত্তীর্ণ হয়েছে। এছাড়া দাখিল পরীক্ষায় মোট ৩ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৩২১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
