Advertisement

ওসমানীনগরে এসএসসি পরীক্ষায় জমজ ভাইবোনের জিপিএ-৫ অর্জন

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের দশহাল গ্রামের জমজ ভাইবোন রাহীম আহমদ ও মাহি সুলতানা আহমদ এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। একই সাথে বেড়ে ওঠা এবং একই বিদ্যালয়ে পড়াশোনা করা এই দুই শিক্ষার্থীর সাফল্যে পুরো এলাকায় বইছে আনন্দের জোয়ার। তাদের এমন অর্জনে গর্বিত শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী।

রাহীম ও মাহি উপজেলার মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বাবা ইতালি প্রবাসী হেলাল আহমদ ও মা গৃহিণী জাসমিন সুলতানার অনুপ্রেরণা এবং বিদ্যালয়ের শিক্ষকদের সঠিক দিকনির্দেশনায় তারা এই সাফল্য অর্জন করেছে। পড়াশোনার পাশাপাশি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম থেকেও তারা নিয়মিত সহায়তা নিয়েছে বলে জানায় এই দুই কৃতী শিক্ষার্থী।

বিজ্ঞাপন

প্রকাশিত ফলাফল অনুযায়ী, রাহীম আহমদ ১ হাজার ১৬৭ এবং মাহি সুলতানা আহমদ ১ হাজার ৮৭ নম্বর পেয়েছে। ভবিষ্যতে রাহীম অণুজীববিজ্ঞানী হিসেবে এবং মাহি বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে দেশ ও দশের সেবা করার স্বপ্ন দেখছে। তাদের এই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন পরিবারের সদস্যরা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয় থেকে এবার ১৮৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ১০৭ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী। বিদ্যালয়ের এমন সামগ্রিক ফলাফলকে ঘিরেও স্থানীয়ভাবে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%