বগুড়ার ধুনটে তিন শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য

বগুড়ার ধুনট উপজেলায় এবারের দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি, যা স্থানীয় শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, উপজেলার রাঙ্গামাটি বালিকা দাখিল মাদরাসা, হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজ এবং কান্তনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া সকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি বালিকা দাখিল মাদরাসা থেকে ১৪ জন, হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭ জন এবং কান্তনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। শতভাগ শিক্ষার্থী ফেল করায় ওই তিন প্রতিষ্ঠানের শিক্ষার মান ও পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।
শিক্ষকদের দাবি, গ্রামের শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহের অভাব এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থাকার কারণে তাদের শিক্ষার ভিত দুর্বল হয়ে পড়েছে। এই দীর্ঘমেয়াদী অনুপস্থিতি ও পাঠে অমনোযোগিতার কারণেই এমন বিপর্যয়কর ফলাফল হয়েছে বলে তারা মনে করছেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বিষয়টি নিশ্চিত করে জানান, কেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা এমন শোচনীয় ফলাফলের সম্মুখীন হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। ফলাফলের পেছনের সুনির্দিষ্ট কারণগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
