বোচাগঞ্জে শয়নকক্ষ থেকে বিষধর কালাচ সাপ উদ্ধার

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামারপাড়ায় নিজ শয়নকক্ষে ঢুকে পড়া একটি বিষধর কালাচ সাপ সাহসিকতার সঙ্গে নিয়ন্ত্রণে এনেছেন আদিল হুসেন নামক স্থানীয় এক বাসিন্দা। সোমবার রাত ৯টার দিকে তিনি নিজ ঘরের ভেতর আড়াই ফুট লম্বা সাপটি দেখতে পান। আতঙ্কের মধ্যেও তিনি লাঠির সহায়তায় সাপটিকে ঘর থেকে বের করে এনে একটি বস্তায় আটকে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে বন্যপ্রাণী উদ্ধারকর্মী নুর হাসান নাহিদকে অবহিত করেন।
উদ্ধারকর্মীর পরামর্শ অনুযায়ী সাপটিকে নিরাপদে বন্দি অবস্থায় রেখেছিলেন আদিল। বুধবার দুপুরে নুর হাসান নাহিদ ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন। এ সময় উদ্ধারকর্মী জানান, কালাচ অত্যন্ত প্রাণঘাতী একটি সাপ, যার দংশনে দ্রুত চিকিৎসা না নিলে মৃত্যুঝুঁকি থাকে। প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ ছাড়া সাধারণ মানুষকে সাপ ধরার মতো ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
নুর হাসান নাহিদ আরও বলেন, সাধারণত ইঁদুর, ব্যাঙ কিংবা পোকামাকড়ের সন্ধানে কালাচ লোকালয়ের বাসাবাড়িতে ঢুকে পড়ে। তাই ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং ঘরের অন্ধকার স্থানগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। এ ছাড়া সাপে কাটলে কুসংস্কার বা ঝাড়ফুঁকের আশ্রয় না নিয়ে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে বন্যপ্রাণী উদ্ধারে কাজ করে আসা নুর হাসান নাহিদ এ পর্যন্ত পাঁচ শতাধিক সাপসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী নিরাপদে উদ্ধার করেছেন। উদ্ধারকৃত বিষধর কালাচ সাপটিকে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে বলে তিনি জানিয়েছেন।
