ডিমলায় জরাজীর্ণ সাঁকো পরিদর্শনে গিয়ে বিপত্তি, রক্ষা পেলেন এমপি আব্দুস সাত্তার

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নটাবাড়ী গ্রামে জরাজীর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবলে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার এবং জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মী। বুধবার বেলা ১১টার দিকে এই সংযোগস্থল পরিদর্শনের সময় অতিরিক্ত মানুষের ভারে সাঁকোটির একাংশ ভেঙে পড়লে এ বিপত্তি ঘটে।
দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহানো এলাকাবাসীর ভোগান্তি সরজমিনে দেখতে এবং সেখানে স্থায়ী পাকা সেতু নির্মাণের স্থান পর্যবেক্ষণে সংসদ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। এ সময় উৎসুক গ্রামবাসী ও দলীয় নেতাকর্মীরা এমপির সঙ্গে ওই জরাজীর্ণ সাঁকোয় ওঠেন। হঠাৎ সাঁকোর কাঠের পাটাতন মচকে ভেঙে পড়লে ভারসাম্য হারিয়ে বেশ কয়েকজন নেতাকর্মী নদীর পাড়ে পড়ে যান এবং আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও সফরসঙ্গীরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের রক্ষা করেন। নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার এই ঘটনায় অক্ষত থাকলেও সাঁকোটির ঝুঁকিপূর্ণ অবস্থা সবার নজরে এসেছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মজিবুর রহমান জানান, সাঁকোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় অতিরিক্ত মানুষের ভার সহ্য করতে না পেরে এমনটি ঘটেছে।
পরবর্তীতে স্থানীয়দের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, এই দুর্ঘটনাটি এলাকাবাসীর প্রতিদিনের চরম ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। তিনি নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি টেকসই পাকা সেতু নির্মাণ এবং সংযোগ সড়ক সংস্কারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।
