AdvertisementAdvertisement

সাঘাটায় দাখিল পরীক্ষায় ১৬ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ মাত্র দুইজন, ক্ষুব্ধ অভিভাবক মহল

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের উল্যাসোনাতলা আফজালুর রাব্বি দাখিল মাদরাসায় এবারের দাখিল পরীক্ষায় চরম বিপর্যয় ঘটেছে। প্রতিষ্ঠানটির মোট ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২ জন উত্তীর্ণ হয়েছে, যা স্থানীয় শিক্ষা ব্যবস্থায় এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। ১২ জন শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও এমন ফলাফল শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, মাদরাসার শিক্ষকরা নিয়মিত সরকারি বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করলেও শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে তাদের কোনো দায়বদ্ধতা নেই। দীর্ঘদিন ধরে মাদরাসার পরিচালনা কমিটি না থাকা, একাডেমিক দুর্বলতা এবং শিক্ষার পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষের চরম অবহেলাই এই বিপর্যয়ের মূল কারণ বলে মনে করছেন তারা। এলাকাবাসী আরও জানান, দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটির শিক্ষার মান নিয়ে প্রশ্ন থাকলেও তা নিরসনে কখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

Advertisement
বিজ্ঞাপন

ফলাফলের এই বিপর্যয়ের বিষয়ে জানতে চাওয়া হলে মাদরাসার সুপার নুরুজ্জামান দায়িত্বশীল কোনো উত্তর না দিয়ে বরং এড়িয়ে গেছেন। তিনি জানান, যা হওয়ার হয়েছে, এ বিষয়ে কোনো কথা থাকলে সরাসরি মাদরাসায় গিয়ে দেখা করতে হবে। এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্যে স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি সম্পর্কে সাঘাটা উপজেলা একাডেমিক সুপারভাইজার আমিনুল ইসলাম জানান, তিনি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে কর্তৃপক্ষের নজরে আনবেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এ ঘটনায় স্থানীয়রা প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণসহ দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%