Advertisement

লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীসহ একই পরিবারের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাসহ সাতজনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর পৌর শহরের শাহপুর এলাকায় ভাড়া বাসা ছাড়াকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা এক কলেজছাত্রীসহ যুবদল নেতার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী নাজমুন নাহার পুষ্পা বাদী হয়ে স্থানীয় বিএনপি নেতা আবু সাইদ ও তার ছেলে সাবেক ছাত্রদল নেতা শাহাদাত জুবায়েরসহ সাতজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছেন। হামলার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারটি সম্প্রতি শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, গত ৩০ জুলাই বাসার মালিক পান্নাকে বাসা পরিবর্তনের কথা জানানোর পর তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। সেই সুযোগে বিএনপি নেতা আবু সাইদ ও শাহাদাত জুবায়ের দলবল নিয়ে ভুক্তভোগীদের বাসায় অতর্কিত হামলা চালান। হামলার একপর্যায়ে অন্তঃসত্ত্বা কলেজছাত্রী ঋতি আক্তারকে মারধর করা হয় এবং তাকে বাধা দিতে গেলে অভিযুক্তরা হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

অসুস্থ হয়ে পড়া ঋতি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকা নেওয়ার প্রস্তুতির সময় পুলিশ ঋতি আক্তারের স্বামী ও যুবদল নেতা সাব্বির হোসেন মোহনকে আটক করে থানায় নিয়ে যায়। কোনো মামলা বা অভিযোগ ছাড়াই তাকে প্রায় ১১ ঘণ্টা আটকে রাখা হয়, যা নিয়ে ভুক্তভোগী পরিবার চরম ক্ষোভ প্রকাশ করেছে।

থানায় অহেতুক দীর্ঘ সময় আটকে রাখার ঘটনায় সাব্বির হোসেন মোহন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ ফারভেজের বিরুদ্ধে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে অভিযুক্ত শাহাদাত জুবায়ের নিজের বিরুদ্ধে আনীত যাবতীয় অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানিয়েছেন, ওসির বিরুদ্ধে করা অভিযোগটি পাওয়া সাপেক্ষে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%