চুয়েটের সব পুকুরে নামা নিষিদ্ধ ঘোষণা প্রশাসনের

চট্টগ্রামের রাউজানে অবস্থিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের সকল পুকুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে তাতে সাঁতার কাটা ও পানিতে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান করা হয়। ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলামের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের কোনো পুকুরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই নির্দেশনা অমান্য করে কেউ পুকুরে প্রবেশ করলে বা পানিতে নামলে তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড হিসেবে গণ্য হবে। এমন আচরণ পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের এই সিদ্ধান্ত যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে ডুবে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী অর্ণব সাহার মর্মান্তিক মৃত্যু ঘটে। এই শোক কাটিয়ে ওঠার আগেই গত ১২ আগস্ট একই পুকুরে ডুবে কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অর্ণব দত্ত চমক এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব নামের আরও দুই শিক্ষার্থীর প্রাণহানি ঘটে। একের পর এক এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এরই মধ্যে কবি কাজী নজরুল ইসলাম হল ও শহিদ মোহাম্মদ শাহ হলের মধ্যবর্তী পুকুরে নিষেধাজ্ঞামূলক ফেস্টুন ও সতর্কতামূলক স্টিকার লাগানো হয়েছে। এছাড়া পুকুরের তিন পাশের ঘাটগুলো টিনশেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো শিক্ষার্থীই পানির কাছাকাছি যেতে না পারে। এ ধরনের মর্মান্তিক ঘটনায় ক্যাম্পাসের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
