Advertisement

নোয়াখালীকে সিটি করপোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

নোয়াখালী জেলাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ ও বাস্তবায়নের জোরালো দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট স্মারকলিপি প্রদান করেছেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। সংগঠনের সভাপতি লিয়াকত আলী খানের নেতৃত্বে প্রতিনিধি দলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নোয়াখালী দেশের একটি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা, যার প্রশাসনিক সদর দপ্তর মাইজদীতে অবস্থিত। স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ৩(৪) ধারা অনুযায়ী সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রয়োজনীয় শর্তাবলী এখানে বিদ্যমান রয়েছে। প্রস্তাবিত সিটি করপোরেশনের আয়তন ৫৭ দশমিক ৬৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ৮৭৯ জন, যেখানে প্রতি বর্গকিলোমিটারে ঘনবসতির হার ৭ হাজার ৯৪২ জন।

বিজ্ঞাপন

সাংবাদিক নেতৃবৃন্দ জানান, নোয়াখালী ও চৌমুহনী পৌরসভার মধ্যকার দূরত্ব মাত্র ৬ কিলোমিটার এবং নোয়াখালী-কুমিল্লা ফোরলেন সড়কের মাধ্যমে এলাকাটি শিল্প ও বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমানে এখানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এছাড়া বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ চলমান থাকায় অঞ্চলটির অর্থনৈতিক সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

স্মারকলিপিতে আরও জানানো হয়, গত ১ মার্চ ২০২৬ তারিখে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম স্থানীয় সরকার প্রতিষ্ঠা বিধিমালা ২০১০ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও দলিলাদি স্থানীয় সরকার বিভাগের সচিবের নিকট প্রেরণ করেছেন। লিয়াকত আলী খান বলেন, নোয়াখালী পৌরসভা এবং কাদির হানিফ, নোয়ান্নই ও একলাশপুর ইউনিয়নের একাংশসহ চৌমুহনী পৌরসভাকে সমন্বিত করে সিটি করপোরেশন গঠন করা হলে জেলার সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত হবে, যা সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%