১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র্যাবের কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার

আসন্ন ১৫ আগস্টকে কেন্দ্র করে সারাদেশে জননিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠনের সদস্য কিংবা সরকারবিরোধী কুচক্রী মহল যেন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কোনো প্রকার নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সেজন্য দেশজুড়ে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, প্রতিটি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকার সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে সেখানে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে।
গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় তথ্যদাতা ও সোর্স নিয়োগ করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচির অনুষ্ঠানস্থলের যাতায়াতের রুটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে কোনো দুষ্কৃতকারী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী প্রবেশ করতে না পারে। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রলিং জোরদার করা হয়েছে। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
নিরাপত্তার অংশ হিসেবে যেকোনো বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ বস্তু মোকাবিলায় র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। ১৫ আগস্ট উপলক্ষে র্যাব নিজস্ব নেতৃত্বে নিরাপত্তার দায়িত্ব পালন করবে এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখবে।
র্যাবের পক্ষ থেকে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ পরিলক্ষিত হলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
