ইনফান্তিনোর পাশে আফ্রিকা ফুটবল কনফেডারেশন নির্বাচনের মাধ্যমেই ফয়সালার আহ্বান মোৎসেপের

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্ক ও চাপের মুখে তাঁর পাশে দাঁড়িয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল বা ক্যাফের সভাপতি ও ফিফার সহ-সভাপতি পাত্রিস মোৎসেপে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইনফান্তিনোর ভাগ্য নির্ধারণ কেবল নির্বাচনের মাধ্যমেই হওয়া উচিত। কোনো ধরনের সমালোচনার ভিত্তিতে পদত্যাগের চাপের বদলে আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিশ্বকাপের স্বত্ব ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়া ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন যৌথভাবে চাপ প্রয়োগ করছে। তাদের মতে, ব্যক্তিগত এজেন্ডা সামনে রেখে সম্মিলিত আস্থার জায়গা ক্ষুণ্ণ করেছেন ইনফান্তিনো। তবে মোৎসেপে এই অবস্থান থেকে ভিন্নমত পোষণ করে বলেন, কারো কোনো আপত্তি থাকলে ফিফার নির্ধারিত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই তার সমাধান করতে হবে। তাঁর মতে, ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের ভোটের মাধ্যমেই ইনফান্তিনোর প্রতি আস্থা রয়েছে কি না, তা পরিষ্কার হবে।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সালজবার্গে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের সঙ্গে বৈঠক করেছেন মোৎসেপে। সেফেরিনের নেতৃত্বাধীন উয়েফা ইতোমধ্যেই বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে। তবে মোৎসেপে মনে করেন, কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সঠিক শুনানির সুযোগ থাকা জরুরি। তিনি দাবি করেন, বিশ্বকাপ বিক্রির প্রস্তাব নিয়ে যে বিতর্ক উঠেছে, তা মূলত ফিফা সদস্যদের চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হতো, তাই নিয়ম ভঙ্গের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া ভুল স্বীকার করে ইনফান্তিনো ক্ষমা চাওয়ায় বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রয়েছে বলে মত দেন তিনি।
এদিকে ফিফা সভাপতির বিরুদ্ধে সমালোচনার ঢেউ যেন থামছেই না। আয়ারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন সর্বশেষ সদস্য হিসেবে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিবৃতিতে সুশাসন, স্বচ্ছতা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরামর্শের অভাবের কথা উল্লেখ করেছে। এর আগে ইংল্যান্ড ও ওয়েলসের ফুটবল সংস্থাও একই পথে হেঁটেছে। তবে বিপরীত চিত্রও দেখা গেছে, যেখানে কাতার, মরক্কো ও মিসরসহ ছয়টি আরব ফুটবল ফেডারেশন পুনরায় ইনফান্তিনোর প্রতি সমর্থন ব্যক্ত করেছে। এখন মার্চ মাসে আসন্ন নির্বাচনের ফলাফলের দিকেই তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব।
