সৌদি আরব সফরের আগে জরুরি বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ

সৌদি আরব সফরের প্রাক্কালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজ এক জরুরি বৈঠক ডেকেছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ সম্ভাবনা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে দুই দিনের সরকারি সফরে রিয়াদ যাওয়ার আগে তিনি এই উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করেছেন। দুনিয়া নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করাই এই জরুরি সভার মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রী কার্যালয়ের ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে যে, এই বৈঠকে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সেখানে সফরের আনুষ্ঠানিকতা ও আলোচ্যসূচি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হবে। কূটনৈতিক মহলে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
দুই দিনের এই রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। এসব আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা, বৈশ্বিক ভূ-রাজনীতি এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের বিষয়ে বিশদ আলাপ-আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
পাশাপাশি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধির কৌশল নিয়েও দুই পক্ষ সংলাপে বসবে। তেলসমৃদ্ধ দেশটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সফর উভয় দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে বিশ্লেষকদের অভিমত।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
