AdvertisementAdvertisement

চীন ও তুরস্কের আদলে পাকিস্তানের পুলিশি ব্যবস্থায় আমূল সংস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানর অভ্যন্তরীণ বিষয়াবলি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আধুনিকায়নে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সম্প্রতি চীন ও তুরস্কে বিশেষ প্রশিক্ষণ শেষে দেশে ফেরা সহকারী পুলিশ সুপারদের (এএসপি) সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ ঘোষণা দেন। রাজধানী ইসলামাবাদে আয়োজিত এই বৈঠকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা আধুনিক পুলিশিং, নজরদারি ব্যবস্থা এবং উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

বৈঠকে মহসিন নাকভি জানান, এখন থেকে বিদেশের মাটিতে প্রশিক্ষণ কর্মসূচি পাকিস্তানর পুলিশ সদস্যদের পেশাগত উন্নয়নের স্থায়ী অংশে পরিণত হবে। তিনি জানান, ইসলামাবাদে পরীক্ষামূলকভাবে চীনর আদলে একটি বিশেষ আইন প্রয়োগকারী তদন্ত কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কেন্দ্রের অধীনে একই ছাদের নিচে আটকাদেশ, তদন্ত এবং সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করা সম্ভব হবে, যা ছোটখাটো ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখবে।

Advertisement
বিজ্ঞাপন

অপরাধ দমনে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এভিয়েশন উইংয়ে অত্যাধুনিক ড্রোন যুক্ত করা হবে, যা নজরদারি ও অপরাধ প্রতিরোধে নতুন মাত্রা যোগ করবে। এ ছাড়া ন্যাশনাল পুলিশ একাডেমিতে বিশেষায়িত তদন্ত কক্ষ স্থাপনের পাশাপাশি জিজ্ঞাসাবাদের পদ্ধতিকে একটি বিশেষায়িত বিষয় হিসেবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আধুনিক পুলিশিংয়ের চাহিদা পূরণে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে মহসিন নাকভি আরও জানান, পুলিশ বাহিনীর দৈনন্দিন কার্যক্রম ও অভিযানের সুবিধার কথা বিবেচনায় নিয়ে নতুন ধরনের পোশাক প্রবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। বৈঠকে ন্যাশনাল পুলিশ একাডেমির কমান্ড্যান্ট এবং ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির মহাপরিচালকসহ পাকিস্তানর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%