AdvertisementAdvertisement

বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

বাগেরহাট জেলা শহরে গ্যাস সংকট নিরসন, ভয়াবহ লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্যহ্রাস, ভূতুড়ে বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ১১ দলীয় ঐক্যের বাগেরহাট জেলা শাখার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর বরাবর পাঁচ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট ও ঘনঘন লোডশেডিংয়ের কারণে কৃষি, শিল্প, শিক্ষা ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রাকে অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে। এই সংকটের আশু সমাধান না হলে জনজীবন আরও স্থবির হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন আয়োজকরা।

Advertisement
বিজ্ঞাপন

স্মারকলিপিতে উত্থাপিত দাবিসমূহের মধ্যে রয়েছে শিল্প ও আবাসিক খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা, সারা দেশে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে লোডশেডিং বন্ধ করা এবং অযৌক্তিক বিদ্যুৎ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা। এছাড়া প্রকৃত মিটার রিডিং অনুযায়ী বিদ্যুৎ বিল আদায় নিশ্চিত করা এবং বাজার সিন্ডিকেট, মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, এনসিপির বাগেরহাট জেলা প্রধান সমন্বয়কারী সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি রমিজ উদ্দিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলা আমির মুফতি আহমাদুল্লাহ আশরাফ।

Advertisement
বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের নিত্যদিনের দুর্ভোগ লাঘবে বর্তমান সরকার যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এ সময় বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাষ্ট্রকে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

0%
0%
0%
0%