পাঞ্জাবের নয় শিক্ষা বোর্ডে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার চালু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিক্ষা বোর্ডসমূহ আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি দ্বিতীয় বর্ষের প্রথম বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। বৃহস্পতিবার প্রদেশের নয়টি শিক্ষা বোর্ড—লাহোর, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, মুলতান, সারগোদা, বাহাওয়ালপুর, ডেরা গাজী খান এবং সাহিওয়াল—একযোগে এই ফলাফল প্রকাশ করে।
পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারছেন। এছাড়া এসএমএস পরিষেবার মাধ্যমেও ঘরে বসেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার সুযোগ রাখা হয়েছে।
লাহোর শিক্ষা বোর্ড এবার শিক্ষার্থীদের সুবিধার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর চ্যাটবট সেবা চালু করেছে। এই অভিনব ডিজিটাল উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ছয় অঙ্কের রোল নম্বর ব্যবহার করে তৎক্ষণাৎ ফলাফল সংগ্রহ করতে পারছেন।
লাহোর শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এআই চ্যাটবট চালুর বিষয়টি তাদের ডিজিটাল রূপান্তর এবং সেবার মান উন্নয়নের অঙ্গীকারেরই প্রতিফলন। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সেবা আরও সহজতর এবং গতিশীল করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
