সব মন্ত্রণালয়ের নিরপেক্ষ মূল্যায়নের আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি

পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সকল মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে নিরপেক্ষ ও তৃতীয় পক্ষের মাধ্যমে মূল্যায়নের প্রস্তাব দিয়েছেন। দুনিয়া নিউজের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, মন্ত্রণালয়ের কর্মদক্ষতা যাচাইয়ের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা উচিত, যাতে জনগণ প্রতিটি মন্ত্রণালয়ের কাজের প্রকৃত চিত্র সম্পর্কে অবগত হতে পারেন। তিনি নিজের মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের নিরপেক্ষ নিরীক্ষাকেও স্বাগত জানিয়েছেন এবং পাকিস্তানর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে তিনি দায়বদ্ধ বলে উল্লেখ করেছেন।
সাম্প্রতিক সময়ে সরকার ও প্রধানমন্ত্রীর সঙ্গে মতপার্থক্য এবং সরকারের ভবিষ্যৎ নিয়ে চলা গুঞ্জনকে দৃঢ়ভাবে নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানর বর্তমান সরকার তার সাংবিধানিক মেয়াদ পূর্ণ করবে এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পুরো ৫ বছর মেয়াদে ক্ষমতায় থাকবেন। নেতৃত্বের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে মন্তব্য করে তিনি জানান, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভ্রান্তি ছড়াচ্ছে।
পাকিস্তানর দীর্ঘদিনের প্রশাসনিক কাঠামো ও শাসনব্যবস্থা নিয়ে নিজের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে মহসিন নাকভি বলেন, গত ৮০ বছর ধরে দেশটি একটি ত্রুটিপূর্ণ ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। তার মতে, বিদ্যমান এই ব্যবস্থা অকার্যকর হওয়ায় দেশ প্রত্যাশিত উন্নয়ন অর্জন করতে পারেনি। তবে তিনি স্পষ্ট করেছেন যে, তার এই সমালোচনা বর্তমান সরকারের বিরুদ্ধে নয়, বরং দীর্ঘদিনের জরাজীর্ণ শাসন কাঠামোর সংস্কারের প্রয়োজনীয়তা বোঝাতেই তিনি এমন মন্তব্য করেছেন।
ইকোনমিক সামিট ২০২৬-এ মিয়া আমির মাহমুদের প্রস্তাবকে সমর্থন জানিয়ে তিনি নতুন প্রশাসনিক ইউনিট তৈরির ওপর গুরুত্বারোপ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, আধুনিক সময়ের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় শাসনব্যবস্থায় কাঠামোগত সংস্কার জরুরি, যা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও বিচার ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় নিয়ে আসবে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করে যাচ্ছেন এবং তার এই প্রচেষ্টার সুফল পেতে হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
