সিন্ধু নদের চশমা ও জিন্নাহ ব্যারেজে মৃদু বন্যার শঙ্কা অব্যাহত

পাকিস্তানের সিন্ধু নদে নতুন করে পানি প্রবাহ বৃদ্ধির ফলে চশমা ও জিন্নাহ ব্যারেজে নিম্নস্তরের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ভারী বর্ষণের পরবর্তী প্রভাবে নদীবক্ষে পানির চাপ পুনরায় বাড়তে শুরু করেছে।
প্রতিবেদন অনুসারে, চশমা ব্যারেজে পানি প্রবেশের হার বেড়ে ৩ লাখ ২৭ হাজার কিউসেক এবং একই সময়ে সেখান থেকে পানি নিষ্কাশনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ১৮ হাজার কিউসেকে। গত ২৪ ঘণ্টায় চশমা ব্যারেজে পানির প্রবাহ প্রায় ৪০ হাজার কিউসেক বৃদ্ধি পেয়েছে। এদিকে জিন্নাহ ব্যারেজেও নিম্নস্তরের বন্যা অব্যাহত রয়েছে, যেখানে পানি প্রবেশের পরিমাণ ৩ লাখ ৪১ হাজার কিউসেক এবং নিষ্কাশনের পরিমাণ ৩ লাখ ৩৪ হাজার কিউসেকে পৌঁছেছে।
পাকিস্তানের পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা পিডিএমএ জানিয়েছে, প্রদেশের অধিকাংশ নদীর পানি প্রবাহ এখন পর্যন্ত স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে। তবে সিন্ধু নদের বেশ কিছু অংশ ও ছোট ছোট নদীগুলোতে নিম্নস্তরের বন্যা পরিস্থিতি বিরাজ করায় কর্তৃপক্ষ শহরতলিতে বন্যার আশঙ্কা প্রকাশ করেছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে।
পিডিএমএর মুখপাত্রের তথ্যমতে, চেনাব, ঝিলাম, রাভি ও সুতলেজ নদীর পানিস্তর বিপৎসীমার নিচেই রয়েছে এবং ডেরা গাজি খানের পাহাড়ি ঢলের অবস্থাও স্থিতিশীল। বর্তমানে কালাবাগ পয়েন্টে ৩ লাখ ৪০ হাজার কিউসেক এবং চশমা পয়েন্টে ২ লাখ ৯০ হাজার কিউসেক হারে পানি প্রবাহিত হচ্ছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
