AdvertisementAdvertisement

আফগান ভূখণ্ডে সন্ত্রাসবাদ ও কাশ্মীর পরিস্থিতি নিয়ে জাতিসংঘে পাকিস্তানের কড়া বার্তা

নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিফ ইফতিখার আহমদ বৈঠকে স্পষ্ট করেন যে, বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ নির্মূলে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসসহ সব ধরনের উগ্রপন্থা বন্ধ করা অপরিহার্য।

আসিফ ইফতিখার আহমদ বলেন, ২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে যে বেআইনি ও একতরফা পদক্ষেপ গ্রহণ করেছিল, তা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের জঘন্যতম দৃষ্টান্ত। তিনি উল্লেখ করেন, ৯০ হাজার সৈন্য মোতায়েনের মাধ্যমে কাশ্মীরিদের ওপর যে দমন-পীড়ন চালানো হয়েছে, তা গত সাত বছর ধরে অব্যাহত রয়েছে। পাকিস্তান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার অস্বীকার করা এবং সেখানে সামরিক আগ্রাসন চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Advertisement
বিজ্ঞাপন

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের প্রতিনিধি বলেন, আফগান ভূখণ্ড বর্তমান সময়ে সন্ত্রাসী গোষ্ঠীর নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত টিটিপি, বিএলএ এবং আইএসআইএস খোরাসান আফগানিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। এ জন্য তালেবান প্রশাসনকে দায়ী করে তিনি বলেন, সন্ত্রাসীরা যাতে কোনোভাবেই আর্থিক ও সামরিক রসদ না পায়, তা নিশ্চিত করার দায়ভার তাদেরই নিতে হবে।

সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে আসিফ ইফতিখার বলেন, সন্ত্রাসীরা এখন ক্রিপ্টোকারেন্সি ও ভার্চুয়াল সম্পদের মাধ্যমে অর্থায়ন করছে, যা বন্ধ করা জরুরি। তিনি সতর্ক করেন যে, সন্ত্রাস দমনের নামে বিশ্বের কোনো দেশ যেন স্বাধীনতা সংগ্রামের কণ্ঠরোধ না করে। পাকিস্তানের এই দূত আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন ভিনদেশি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইরত নিপীড়িত মানুষের ন্যায়সংগত অধিকারকে সন্ত্রাসবাদ দমনের দোহাই দিয়ে দমিয়ে রাখা না হয়।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%