লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে কাশ্মীরে সংহতি দিবস পালন ও বিক্ষোভ প্রদর্শন

কাশ্মীরি জনগণের ওপর ভারতের নিপীড়ন ও দখলদারিত্বের প্রতিবাদে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন প্রবাসী কাশ্মীরি ও পাকিস্তানিরা। বুধবার ‘ইউম-ই-ইস্তেহসাল কাশ্মীর’ বা কাশ্মীর দিবস পালন উপলক্ষে এই বিক্ষোভের আয়োজন করা হয়। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, শত শত মানুষ জড়ো হয়ে কাশ্মীরি ও পাকিস্তানের পতাকা হাতে নিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভ কর্মসূচিতে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে নারী ও শিশুরা ব্যাপক উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। এ সময় সমবেত জনতা ‘কাশ্মীর পাকিস্তান বনেগা’ এবং ‘ভারতীয় আগ্রাসন নিপাত যাক’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। অংশগ্রহণকারীরা স্পষ্ট জানিয়ে দেন, চূড়ান্ত স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত তাদের এই সংহতি ও সংগ্রাম অব্যাহত থাকবে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৯ সালের ৫ আগস্ট ভারত সরকার অধিকৃত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার মাধ্যমে অঞ্চলটিকে অবরুদ্ধ করে রেখেছে। তারা আরও দাবি করেন, লন্ডনের ভারতীয় হাইকমিশন পাকিস্তান ও কাশ্মীরবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যকলাপে লিপ্ত রয়েছে। বক্তারা আবেগজড়িত কণ্ঠে উচ্চারণ করেন যে, কাশ্মীরি ও পাকিস্তানিরা একই প্রাণের দুটি অংশ।
অধিকৃত কাশ্মীর থেকে আসা একদল নাগরিকও এই বিক্ষোভে সংহতি প্রকাশ করে অংশ নেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, অবিলম্বে কাশ্মীরিদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিতে হবে। সেই সাথে কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রতি পূর্ণ সমর্থন বজায় রাখার শপথ ব্যক্ত করেন আন্দোলনকারীরা।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
