সব মন্ত্রণালয়ের নিরপেক্ষ মূল্যায়ন ও ফলাফল প্রকাশের আহ্বান মহসিন নাকভির

পাকিস্তানের সব ফেডারেল মন্ত্রণালয়ের কার্যকারিতা যাচাইয়ের জন্য একটি নিরপেক্ষ ও স্বাধীন মূল্যায়ন প্রক্রিয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। দনিয়া নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি মন্ত্রণালয়ের কর্মমূল্যায়ন প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা উচিত। তিনি জোর দিয়ে বলেন যে, নিজের মন্ত্রণালয়ের কাজের হিসাব দিতে তিনি পাকিস্তানর প্রধানমন্ত্রীর কাছে সম্পূর্ণ দায়বদ্ধ এবং এই নিরপেক্ষ মূল্যায়নে তার কোনো আপত্তি নেই।
সরকারের অন্দরে মতপার্থক্য কিংবা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন নিয়ে চলমান জল্পনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন মহসিন নাকভি। তিনি স্পষ্ট করে জানান, পাকিস্তানের বর্তমান সরকারের অংশ হিসেবে তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পূর্ণ আস্থা রাখেন এবং সরকার তার সাংবিধানিক মেয়াদ পূর্ণ করবে। এছাড়া প্রধানমন্ত্রীর প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা কর্মব্যস্ততার প্রশংসা করে তিনি বলেন, বিদ্যমান ত্রুটিপূর্ণ প্রশাসনিক কাঠামো পরিবর্তনের মাধ্যমেই সরকারের প্রকৃত অর্জনগুলো বহুগুণ বাড়ানো সম্ভব।
গত ৮০ বছর ধরে চলে আসা প্রশাসনিক ব্যবস্থাকে ‘অকার্যকর’ হিসেবে আখ্যায়িত করে নিজের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অর্থনৈতিক সম্মেলন ২০২৬-এ দনিয়া গ্রুপের চেয়ারম্যান মিয়া আমির মাহমুদের প্রস্তাবকে সমর্থন জানিয়ে তিনি বলেন, দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় নতুন প্রশাসনিক ইউনিট গঠন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ সময়ের দাবি। তিনি মনে করেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ও ন্যায়বিচার নিশ্চিত করতে এই কাঠামোগত সংস্কার অপরিহার্য।
নিজের মন্ত্রণালয়ের পারফরম্যান্স নিয়ে ওঠা সমালোচনার জবাবে মহসিন নাকভি জানান, মন্ত্রিপরিষদের বৈঠকে তার উপস্থিতির হার প্রায় ৭০ শতাংশ। তিনি দাবি করেন, রাজনৈতিক বিতর্কের পরিবর্তে বস্তুনিষ্ঠ মূল্যায়নের মাধ্যমেই মন্ত্রীদের প্রকৃত দক্ষতা যাচাই হওয়া উচিত। সরকার পতনের গুঞ্জনকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেন, কৃত্রিম অনিশ্চয়তা তৈরির চেষ্টা কখনোই সফল হবে না এবং বর্তমান সরকার পুরো পাঁচ বছর মেয়াদে ক্ষমতায় থাকবে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
