নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে নেত্রকোনা জেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপিত হয়েছে। বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটির সূচনা হয় সকাল ৭টা ৫৯ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। পরবর্তীতে সকাল ৯টায় শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন সর্বস্তরের মানুষ।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও শহীদ বেদিতে তাদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নিয়ে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। তারা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগের তাগিদ দেন।
