AdvertisementAdvertisement

ব্রড পিকে তুষারধসে নিহত পর্বতারোহী নির্মল পুর্জাসহ চারজনের মরদেহ উদ্ধার

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় ব্রড পিকে তুষারধসের কবলে পড়ে প্রাণ হারানো প্রখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। বুধবার আলপাইন ক্লাব অব পাকিস্তান এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, অত্যন্ত প্রতিকূল ও কারিগরিভাবে চ্যালেঞ্জিং অভিযানের মাধ্যমে মরদেহগুলো উদ্ধার করে বর্তমানে বেস ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। গত ৩০ জুলাই এই তুষারধসের ঘটনায় ৪৩ বছর বয়সী ব্রিটিশ-নেপালি পর্বতারোহী নির্মল পুরজার নেতৃত্বাধীন ১০ সদস্যের আন্তর্জাতিক অভিযাত্রী দলটির সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নির্মল পুরজা ছাড়াও রয়েছেন চীনা পর্বতারোহী ঝং ওয়াং এবং দুই নেপালি পর্বতারোহী নিমা শেরপা ও কিলু শেরপা। আলপাইন ক্লাব অব পাকিস্তান জানিয়েছে, মরদেহগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে, যাতে পরিবারগুলো তাদের স্বজনদের শেষ শ্রদ্ধা জানাতে পারে। তবে এই মর্মান্তিক ঘটনায় এখনো তিনজন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে আবহাওয়া অনুকূলে আসা মাত্রই পুনরায় অভিযান পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

Advertisement
বিজ্ঞাপন

এর আগে একই ঘটনায় প্রাণ হারানো অপর তিন সদস্য—একজন মার্কিন নারী, একজন ওমানি নারী এবং একজন নেপালি নাগরিকের মরদেহ উদ্ধার করে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর স্কারদুতে নিয়ে আসা হয়েছিল। তবে এখনো দুইজন নেপালি ও একজন পাকিস্তানি পর্বতারোহীর কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় বিশ্বজুড়ে পর্বতারোহী মহলে শোকের ছায়া নেমে এসেছে। নেপালের ন্যাশনাল মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি তুল সিং গুরুং এই ঘটনাকে দক্ষ পর্বতারোহীদের একটি প্রজন্মের অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন।

উল্লেখ্য যে, সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার মিটারের বেশি উচ্চতাসম্পন্ন ব্রড পিক বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ পর্বত এবং এটিকে বিশ্বের অন্যতম কঠিন ও কারিগরিভাবে জটিল আরোহণ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৫৭ সালে একটি অস্ট্রিয় দল প্রথমবারের মতো এই শৃঙ্গ জয় করেছিল। পাকিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত এই পর্বতটি তার দুর্গম পথ এবং আকস্মিক তুষারধসের জন্য পর্বতারোহীদের কাছে অত্যন্ত ভয়ের ও সম্মানের জায়গা হিসেবে পরিচিত।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%