AdvertisementAdvertisement

পাঞ্জাবে বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান মরিয়ম নওয়াজের

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের এই প্রদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। লাহোরে এক উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি পাঞ্জাবের বিনিয়োগবান্ধব নীতিমালা এবং বিভিন্ন খাতে বিদ্যমান সম্ভাবনার ওপর জোরারোপ করেন। মুখ্যমন্ত্রী জানান, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে বিনিয়োগকারীদের দ্রুত ব্যবসা শুরুর সুযোগ দিতে পাকিস্তানর পাঞ্জাব সরকার ‘জিরো টাইম টু স্টার্ট’ বা দ্রুত ব্যবসা শুরু করার বিশেষ নীতি বাস্তবায়ন করছে।

মরিয়ম নওয়াজ যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের অন্যতম দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, পাঞ্জাবে মার্কিন বিনিয়োগকারীদের উপস্থিতি প্রদেশের বিনিয়োগ পরিস্থিতির ওপর তাদের ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন। ভবিষ্যতে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসেবা, খনিজ সম্পদ, জ্বালানি এবং বেসরকারি খাতের সমন্বয়ে জোরদার হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

Advertisement
বিজ্ঞাপন

পাঞ্জাব যে পাকিস্তানের অর্থনীতির মূল চালিকাশক্তি, তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, দেশটির মোট জিডিপির ৫৫.৭ শতাংশ, কৃষি উৎপাদনের ৫৭.৫ শতাংশ, উৎপাদন খাতের ৪৮ শতাংশ এবং সেবা খাতের ৫৭.৪ শতাংশ এই প্রদেশ থেকেই আসে। ১৩ কোটি জনসংখ্যা, বিশাল কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী, ২০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং আধুনিক তথ্যপ্রযুক্তির অবকাঠামো পাঞ্জাবকে বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে।

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পাকিস্তানর পাঞ্জাব সরকার ১০ বছরের আয়কর অব্যাহতি, শিল্প জমির সুবিধা এবং ভর্তুকি মূল্যে লিজের ব্যবস্থা রেখেছে। মুখ্যমন্ত্রী জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষ গঠনকারী পাকিস্তানের প্রথম প্রদেশ পাঞ্জাব। বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে সরকার ১৫টিরও বেশি নিয়ন্ত্রক সংস্থাকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা করছে।

Advertisement
বিজ্ঞাপন

আগামী তিন বছরে পাঞ্জাব ৭.১ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার মধ্যে ৩.৯ বিলিয়ন ডলার সরকারি এবং ৩.২ বিলিয়ন ডলার বেসরকারি খাত থেকে আসবে। এছাড়া রাভি আরবান ডেভেলপমেন্ট অথরিটি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, নওয়াজ শরিফ মেডিকেল সিটি এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ পার্কের মতো প্রকল্পগুলোতে বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

চিনিয়োটের লৌহ আকরিক, তামা, পিংক সল্ট বা গোলাপি লবণ এবং সোনা উত্তোলনের মতো খনিজ খাতেও মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান মরিয়ম নওয়াজ। বিনিয়োগ প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা এবং নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করেন পাকিস্তানর পাঞ্জাব প্রদেশের এই মুখ্যমন্ত্রী।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%