আপনা ঘর প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশ, ২০৪ কোটি রুপির ঋণ অনুমোদন

নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ‘আপনা ঘর প্রকল্প’ দ্রুত বাস্তবায়নের কঠোর নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার ইসলামাবাদে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে এই প্রকল্পের আওতায় ঋণ প্রদানের পরিধি আরও সম্প্রসারণের আহ্বান জানান। পাকিস্তানর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
সভায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উল্লেখ করেন, প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা পাকিস্তান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে এই প্রকল্পটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকল্পের কার্যক্রম গতিশীল করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ক্রমবর্ধমান আবাসন চাহিদা মেটাতে উল্লম্ব ও অনুভূমিক উভয় ধরনের উন্নয়নের জন্য একটি সমন্বিত কৌশল তৈরির নির্দেশনা দিয়েছেন।
প্রকল্পের বর্তমান অগ্রগতির বিষয়ে সভায় জানানো হয় যে, এখন পর্যন্ত ব্যাংকগুলো ২০৪ বিলিয়ন পাকিস্তানি রুপি ঋণের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সুবিধাভোগীদের মাঝে ইতোমধ্যে ২৭ বিলিয়ন পাকিস্তানি রুপি বিতরণ করা হয়েছে। প্রকল্পের সঠিক বাস্তবায়ন ও কাজের গতি ত্বরান্বিত করতে পাকিস্তানর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্টেট ব্যাংক অব পাকিস্তান নিয়মিত সাপ্তাহিক পর্যালোচনা সভা পরিচালনা করছে।
এই গুরুত্বপূর্ণ সভায় পাকিস্তানর অর্থনৈতিক বিষয়কমন্ত্রী আহাদ খান চিমা, অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রিয়াজ হোসেন এবং অর্থ ও রেলওয়ে প্রতিমন্ত্রী বিলাল আজহার কায়ানিসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আশা প্রকাশ করেন যে, ব্যাংকগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং সরকারি তদারকি অব্যাহত থাকলে সাধারণ মানুষের আবাসন সংকট দ্রুত লাঘব হবে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ