ভুল তথ্যে সরকারি কর্মকর্তার বাসায় অভিযান, লাহোরের এসএইচওসহ ১২ পুলিশ সদস্য বরখাস্ত

পাকিস্তানের লাহোরে ভুল তথ্যের ভিত্তিতে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বাসভবনে অন্যায়ভাবে অভিযান পরিচালনার ঘটনায় সরগরম প্রশাসন। এই ঘটনায় সরওয়ার রোড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা এসএইচও ইরফানসহ মোট ১২ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। দায়িত্বে চরম অবহেলা ও ভুল পদক্ষেপের দায়ে অভিযুক্ত সকল পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, লাহোর ক্যান্টনমেন্ট এলাকায় একটি ব্যক্তিগত বাসভবনকে অনৈতিক কার্যকলাপের আড্ডা হিসেবে চিহ্নিত করে সেখানে অভিযান চালায় পুলিশ। তবে পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, সম্পূর্ণ ভুল তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ ওই অভিযান পরিচালনা করেছিল। প্রকৃতপক্ষে ওই বাসভবনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অস্তিত্ব পাওয়া যায়নি।
ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি আমলে নেওয়ার পর দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এসআই মোশতাকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এসএইচও ইরফান, তদন্তকারী কর্মকর্তা এবং অভিযানে অংশগ্রহণকারী অন্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলার পাশাপাশি আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে বলে পাকিস্তানর পুলিশ বিভাগের মুখপাত্র নিশ্চিত করেছেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুল ঠিকানায় অভিযান পরিচালনা করা ছিল বাহিনীর জন্য অত্যন্ত বিব্রতকর একটি ঘটনা। এই কর্মকাণ্ডে জড়িত প্রত্যেক সদস্যকে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ