লোহিত সাগরে হুথি হুমকি রুখতে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের

সৌদি আরব এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হুথি বিদ্রোহীদের অব্যাহত হুমকিকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে এবং আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধ চলাচলের মৌলিক অধিকারকে বাধাগ্রস্ত করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বাণিজ্যিক জাহাজ ও সৌদি আরবের স্বার্থের বিরুদ্ধে হুথিদের এই হুমকি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে সৌদি আরবের সাথে বৈধ বাণিজ্যে নিয়োজিত জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে পাকিস্তান বিশেষ উদ্বেগ জানিয়েছে। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে লোহিত সাগরে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা বিশ্ব অর্থনীতির জন্য অপরিহার্য বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তান সরকার কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে যে, দেশটির পতাকাবাহী কোনো জাহাজ বা সামুদ্রিক স্বার্থের ওপর যেকোনো ধরনের বৈরী আক্রমণকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে গণ্য করা হবে। জাতিসংঘ সনদের বিধান অনুযায়ী, নিজেদের সামুদ্রিক সম্পদ ও জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান আইনানুগ বলপ্রয়োগসহ আত্মরক্ষার সকল অধিকার সংরক্ষণ করে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবকে জড়িয়ে ফেলার অপপ্রয়াস নিয়েও গভীর উদ্বেগ জানিয়েছে পাকিস্তান। ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রটির নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি নিজেদের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে ইসলামাবাদ। একই সাথে, পাকিস্তান সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপরেও জোর দিয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
