পাকিস্তান ও কানাডার মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের অঙ্গীকার

রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারে (জিএইচকিউ) সোমবার পাকিস্তান ও কানাডার মধ্যে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারে দুই পক্ষই দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ সাক্ষাৎ করেন এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্যানুযায়ী, এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপর আলোকপাত করা হয়েছে। ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এ সময় বিশ্ব ও আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের নিরবচ্ছিন্ন অঙ্গীকারের বিষয়টি তুলে ধরেন।
সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকা ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পাকিস্তানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের স্বীকৃতি দিয়ে তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তানের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কানাডার এই প্রতিনিধি দল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করেন।
উভয় দেশই ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে চলমান অংশীদারিত্বকে আরও সুসংহত করতে নিয়মিত সংলাপ এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আঞ্চলিক অস্থিতিশীলতা নিরসন এবং অভিন্ন নিরাপত্তা লক্ষ্য অর্জনে দুই রাষ্ট্রই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ