পাকিস্তান সফরে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ, দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্তের সন্ধানে বৈঠক

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্য নিয়ে সোমবার ইসলামাবাদে পৌঁছেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে তিনি এই সফরে এসেছেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, সফরের মূল আলোচ্যসূচির মধ্যে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উভয় দেশ তাদের অবস্থান ও মতামত বিনিময় করবে। কানাডায় বসবাসরত বিশাল পাকিস্তানি প্রবাসীদের ভূমিকা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত ও অর্থবহ করে তুলেছে।
সফরকালে কানাডার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে নির্ধারিত রয়েছে। এই উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে দুই দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও বিস্তৃত করার পাশাপাশি কৌশলগত অংশীদারিত্ব মজবুত করার বিষয়ে বিশদ আলোচনা হবে। উভয় দেশই এই সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সংহতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা করছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
