আজাদ কাশ্মীরে সহিংসতা ও নৈরাজ্য দমনে কঠোর অবস্থানের ঘোষণা সরকারের

আজাদ জম্মু ও কাশ্মীরের জনজীবন স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ড কঠোর হস্তে দমনের ঘোষণা দিয়েছেন অঞ্চলটির স্বরাষ্ট্রসচিব চৌধুরী গুফতার হোসেন। বুধবার মুজাফফরাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন, কোনো গোষ্ঠীকেই সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রসচিব অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি বা জেএএসি গত কয়েক দিন ধরে জনজীবন বিপর্যস্ত করে তুলছে। আন্দোলনের ব্যর্থতা আড়াল করতে সংগঠনটি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

চৌধুরী গুফতার হোসেন বলেন, জনস্বার্থের দোহাই দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও মিথ্যা প্রচার চালানো হচ্ছে। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা এখন একটি অভ্যাসে পরিণত হয়েছে, যার মূল লক্ষ্য হলো শান্তি, অর্থনীতি এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করা।

তিনি আরও অভিযোগ করেন, বিক্ষোভ কর্মসূচিতে নারী, নিষ্পাপ শিশু ও শিক্ষার্থীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের জোরপূর্বক নৈরাজ্যবাদী রাজনীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে এ ধরনের ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাশত করা হবে না।

বিজ্ঞাপন

সবশেষে স্বরাষ্ট্রসচিব পুনর্ব্যক্ত করেন যে, পাকিস্তান নিয়ন্ত্রিত এই অঞ্চলে আইনের শাসন নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর। যেকোনো মূল্যে জননিরাপত্তা রক্ষা করাই সরকারের প্রধান অগ্রাধিকার।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%