AdvertisementAdvertisement

পাঞ্জাব ও ইসলামাবাদে স্বস্তির বৃষ্টি, হিমবাহ নিয়ে সতর্কবার্তা জারি

ইসলামাবাদ ও লাহোরসহ পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে শনিবার প্রবল বৃষ্টিপাত ও দমকা হাওয়ার দাপটে দীর্ঘদিনের অস্বস্তিকর গরম থেকে জনজীবন স্বস্তি ফিরে পেয়েছে। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৈরী আবহাওয়ার প্রভাবে রাজধানী ইসলামাবাদে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে এবং এর ফলে আকাশপথে স্বাভাবিক বিমান চলাচল বিঘ্নিত হয়েছে।

লাহোরের অ্যাবট রোড, গড়ি শাহু, মল রোড, সিভিল সেক্রেটারিয়েট, সান্দা, চৌবুর্জি ও জেল রোডসহ বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, লাহোরে ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কবলে পড়া মিয়াঁওয়ালি, ভালওয়াল, কুন্দিয়ান, ঝাং ও চেনাব নগরের জনজীবনে দুর্ভোগও দেখা দিয়েছে। বিশেষ করে মিয়াঁওয়ালিতে ভারী বর্ষণের ফলে রাস্তাঘাট ও বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এবং বেশ কয়েকটি বিদ্যুৎ সরবরাহকারী ফিডার অকেজো হয়ে যাওয়ায় ওই অঞ্চলগুলো বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

এদিকে খাইবার পাখতুনখোয়ার নওশেরা, মারদান ও চারসদ্দাসহ আশপাশের এলাকাগুলোতেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় হিমবাহ গলে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, টানা বৃষ্টির কারণে হিমবাহের হ্রদ থেকে আকস্মিক বন্যা এবং ভূমিধসের সম্ভাবনা রয়েছে, যা ঝুঁকিপূর্ণ জনপদগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%