AdvertisementAdvertisement

কুড়িগ্রামে ৮ কোটি টাকার নদীতীর সংরক্ষণ প্রকল্পে ধস, হুমকিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁধ

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ছাটকালুয়া এলাকায় ধরলা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের প্রায় ৫০ মিটার অংশে ভয়াবহ ধস দেখা দিয়েছে। আট কোটি টাকা ব্যয়ে চলমান এই প্রকল্পের ব্লক-পিচিং ধসে নদীগর্ভে তলিয়ে যাওয়ায় স্থানীয় ছাটকালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং সংলগ্ন বসতভিটা ও আবাদি জমি চরম ভাঙন ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চলমান এই প্রকল্পের কাজে চরম অনিয়ম ও গাফিলতি রয়েছে। প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এবং তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজটি টেকসই হচ্ছে না। স্থানীয়রা আরও জানান, বৃহস্পতিবার ভোর থেকে ব্লক ধসে পড়ার দৃশ্য চোখে পড়ে। কাজের মান উন্নত না হলে সরকারের বিপুল অর্থ অপচয়ের পাশাপাশি বর্ষা মৌসুমে নদীভাঙনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করবে বলে তারা আশঙ্কা করছেন।

Advertisement
বিজ্ঞাপন

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, প্রকল্পটি এখনও চলমান থাকায় আকস্মিক গর্ত সৃষ্টির ফলে ডাম্পিং সামগ্রীসহ ব্লক দেবে গেছে। ধস ঠেকাতে ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে। বর্ষা মৌসুম শেষ হলে ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় সংস্কার করে প্রতিরক্ষা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

তবে এই প্রকল্পের কাজের মান ও স্বচ্ছতা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা সরকারের উন্নয়ন প্রকল্পের সুফল নিশ্চিত করতে যথাযথ তদারকি ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সেই সাথে নদীভাঙনের কবল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতভিটা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%