বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে ১১ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান ‘শাবান’ পরিচালনার অংশ হিসেবে প্রদেশটির বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়। সর্বশেষ এন-২৫ ক্রসিংয়ের কাছে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে সংশ্লিষ্ট দুইজন নিহত হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেনেড, একটি মোটরসাইকেল ও উসকানিমূলক পতাকা উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনীর তথ্যানুযায়ী, বেলুচিস্তানের দুর্গম পার্বত্য এলাকায় আকাশপথ ও স্থলভাগে পরিচালিত অভিযানে আরও নয়জন সন্দেহভাজন জঙ্গি প্রাণ হারিয়েছে। এই অভিযানের ফলে গত ৫ জুলাই থেকে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা-ভিত্তিক ও বিশেষ অভিযানে মোট ৮৮ জন সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ‘শাবান’ অভিযানেই ৫২ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাকিস্তানর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিরাপত্তা বাহিনীর এই সাফল্যকে স্বাগত জানিয়ে বলেছেন, দেশ থেকে সন্ত্রাসবাদের বিষবৃক্ষ উপড়ে ফেলতে তার সরকার বদ্ধপরিকর। তিনি আরও উল্লেখ করেন যে, উগ্রবাদী গোষ্ঠীর নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পাকিস্তানর স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি পাকিস্তানর সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর এবং পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, শত্রুপক্ষ দেশের শান্তি বিনষ্ট করার যে ষড়যন্ত্র করেছিল, নিরাপত্তা বাহিনী তা নস্যাৎ করে দিয়েছে। মন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সন্ত্রাসীরা দেশের জনগণের ওপর একটি বোঝা, তাই তাদের নির্মূল করা ছাড়া বিকল্প কোনো পথ নেই এবং সহিংসতার সাথে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ