পাঞ্জাবে তাপপ্রবাহ ও বন্যার ঝুঁকি মোকাবিলায় মারিয়াম নওয়াজের উচ্চ সতর্কতা জারি

পাকিস্তানর জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকির প্রেক্ষাপটে আসন্ন তাপপ্রবাহ, আকস্মিক বন্যা এবং বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। লাহোরে এক জরুরি সভায় তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।
লাহোরে আয়োজিত বর্ষাকালীন প্রস্তুতি বিষয়ক সভায় মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরের জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছাতে পারে। বিশেষ করে পাঞ্জাবের কিছু এলাকায় তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার আশঙ্কা রয়েছে, পাশাপাশি স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া গেছে। আবহাওয়া সংক্রান্ত যেকোনো জরুরি পরিস্থিতির দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে আগাম সতর্কবার্তা প্রদান ব্যবস্থা বা আর্লি ওয়ার্নিং সিস্টেমকে পুরোদমে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনায় গত বছরের ভয়াবহ বন্যার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বন্যার ঝুঁকি মোকাবিলায় উদ্ধারকারী দলগুলোকে নিয়মিত মক ড্রিল চালিয়ে যেতে হবে এবং গবাদি পশুর জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এছাড়া, তীব্র তাপপ্রবাহের সময় বয়োজ্যেষ্ঠ, নারী ও শিশুদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য নাগরিকদের নিয়মিত সতর্কবার্তা প্রদানের পরামর্শ দিয়েছেন তিনি।
পাঞ্জাব সরকার বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে সক্ষম উল্লেখ করে মরিয়ম নওয়াজ জানান, প্রদেশজুড়ে পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে। সাম্প্রতিক কাহনা ট্র্যাজেডির প্রসঙ্গ টেনে তিনি ‘আপনা ঘর, মেহফুজ ঘর’ শীর্ষক একটি নতুন কর্মসূচি চালুর ঘোষণা দেন। এই প্রকল্পের আওতায় পাঞ্জাবজুড়ে সাধারণ মানুষ তাদের বাসগৃহের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ লাখ রুপি পর্যন্ত সুদমুক্ত ঋণ পাওয়ার সুযোগ পাবেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
