বালুচিস্তানের মাস্তুংয়ে বন্দুকধারীদের গুলিতে দুই বেসামরিক ব্যক্তি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং শহরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে দুই সাধারণ নাগরিক নিহত হয়েছেন। বুধবার মাস্তুংয়ের শামসাবাদ এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুনিয়া নিউজ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বন্দুকধারীরা অতর্কিত গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশাল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। দীর্ঘ সময় সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, যা সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হলে বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরে যান। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত এবং কী কারণে এই প্রাণহানি ঘটল, তা উদ্ঘাটনে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পাকিস্তানর পুলিশ বিভাগ।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%