পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দিনের সরকারি সফর শেষে নিজ দেশে ফিরে গেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান। উচ্চপর্যায়ের ধারাবাহিক দ্বিপক্ষীয় আলোচনার ইতি টেনে তিনি তেহরানের উদ্দেশ্যে যাত্রা করেন। এই সফরের মাধ্যমে উভয় দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদৃঢ় করার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে কূটনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে।

বিজ্ঞাপন

ইসলামাবাদের নূর খান বিমানঘাঁটিতে ইরানের প্রেসিডেন্টকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এ সময় বিদায়ি আনুষ্ঠানিকতার অংশ হিসেবে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের হাতে তার পাকিস্তান সফরের বিশেষ মুহূর্তগুলো নিয়ে তৈরি একটি আলোকচিত্রের অ্যালবাম তুলে দেওয়া হয়।

সফরের সমাপ্তিকালে ডক্টর মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পাকিস্তান ভ্রমণে তিনি যে উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসা পেয়েছেন, তা দুই দেশের জনগণের সম্পর্কের গভীরতাকে নির্দেশ করে।

ভবিষ্যতে পাকিস্তান ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাকিস্তান ও ইরানের ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি তার সফর সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%