মরক্কোর বিপক্ষে কার্ডের ঝুঁকিতে অলিসে চিন্তিত দিদিয়ের দেশম

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের মহারণের আগে বড় ধরনের ধাক্কা খেল ফ্রান্স। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মিডফিল্ডার মাইকেল ওলিসের পাওয়া হলুদ কার্ড বাতিলের আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বোস্টন স্টেডিয়ামে বুধবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি কোচ দিদিয়ে দেশম। এর ফলে মরক্কোর বিপক্ষে ম্যাচে ওলিসসহ বেশ কয়েকজন তারকা ফুটবলার কার্ডের খাঁড়ায় পড়ার ঝুঁকিতে থাকছেন।
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্ন মিউনিখের তারকা ওলিসকে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের শেষ দিকে মাঠের উত্তপ্ত পরিস্থিতিতে কার্ড দেখানো হয়েছিল। রিপ্লেতে দেখা গেছে, মাতিয়াস গালারজার সঙ্গে সামান্য ধাক্কাধাক্কি হলেও ওলিসের ফাউলটি ছিল প্রশ্নবিদ্ধ। তবে ফিফা এই সিদ্ধান্ত বহাল রাখায় ওলিস এখন সতর্ক অবস্থানে রয়েছেন। মরক্কোর বিপক্ষে ম্যাচে তিনি নতুন করে হলুদ কার্ড দেখলে সেমিফাইনালে স্পেন বা বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি মিস করবেন। একই ঝুঁকিতে আছেন ব্র্যাডলি বারকোলা ও মানু কোনেও, যারা প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে কার্ড দেখেছিলেন।
দলের চোট সমস্যা নিয়ে দেশম জানান, থাই ইনজুরির কারণে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ মিস করা অরেলিয়েন চুয়ামেনি এখন উন্নতির পথে রয়েছেন। রিয়াল মাদ্রিদ তারকা অনুশীলনে ফিরতে পারেন কি না, তা নিয়ে টিম ম্যানেজমেন্ট নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে। তবে চোটাক্রান্ত এই মিডফিল্ডার ছাড়া বাকি সব খেলোয়াড়ই মরক্কোর বিপক্ষে ম্যাচের জন্য ফিট রয়েছেন বলে কোচ নিশ্চিত করেছেন।
এদিকে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেলোর নিয়োগ নিয়ে কোনো বিতর্ক তৈরি করতে রাজি নন দেশম। ২০২২ বিশ্বকাপ ফাইনালের রেষ এখনো কিছুটা রয়ে গেলেও, কোচ মনে করেন মাঠের পারফরম্যান্সই আসল। রেফারি নিয়ে কোনো মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, নিয়োগের ব্যাপারে তার হাত নেই এবং তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর আস্থা রাখতে চান। মরক্কোই এখন তাদের একমাত্র প্রতিপক্ষ, রেফারি নন।
দীর্ঘ ১৪ বছরের অধ্যায় শেষে এই টুর্নামেন্ট দিয়েই কোচিং ক্যারিয়ারের ইতি টানবেন দেশম। ফলে মরক্কোর বিপক্ষে ম্যাচটি হতে পারে তার জন্য কঠিন অগ্নিপরীক্ষা। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি ঘটা এই ম্যাচে হারলে বিদায় নিশ্চিত হবে ফরাসিদের। তবে ব্যক্তিগত বিদায় নিয়ে ভাবছেন না দেশম। তার সমস্ত মনোযোগ এখন মরক্কো বধ এবং দলের জয় নিশ্চিত করার দিকে।