পাকিস্তান ও ইরানের মধ্যে মধ্যস্থতায় হরমোজ প্রণালী উন্মুক্তে মার্কিন-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বৈরী সম্পর্ক নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ বা ‘ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ সই করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের আনুষ্ঠানিক তথ্যানুযায়ী, এই চুক্তির ফলে দুই দেশের মধ্যকার সংঘাতের অবসান ঘটার পাশাপাশি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পূর্বেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দলিলে নিজেদের স্বাক্ষর সম্পন্ন করেছেন। নির্ধারিত সময়ের আগেই এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে, যা বিশ্বরাজনীতিতে এক অভাবনীয় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। একই সময়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষররত ছবি প্রকাশ করা হয়, যা এই শান্তি প্রক্রিয়ায় তেহরানের আনুষ্ঠানিক অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে।
বিশ্লেষকদের মতে, এই কূটনৈতিক সমঝোতা কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী উত্তজনা প্রশমনেই ভূমিকা রাখবে না, বরং মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতেও গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে। আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনের এই পথপরিক্রমা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ