পশ্চিম লন্ডনের জলে মা-শিশুর সলিল সমাধি

পশ্চিম লন্ডনের ইলিং-এর এলথর্ন পার্কে জলে ডুবে এক নারী ও তার শিশুপুত্রের মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে এটিকে কোনো সন্দেহজনক মৃত্যু হিসেবে গণ্য করা হচ্ছে না।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটের কিছু আগে ইলিং-এর এলথর্ন পার্কে জলাশয়ে সংকটাপন্ন অবস্থায় এক নারী ও এক শিশু পড়ে থাকার খবর পেয়ে জরুরি পরিষেবা দল সেখানে পৌঁছায়। জল থেকে তাদের উদ্ধার করা হলেও, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মেট্রোপলিটন পুলিশ আরও জানিয়েছে যে, এই মর্মান্তিক ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে, এখন পর্যন্ত প্রাপ্ত সকল প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি কোনো অস্বাভাবিক পরিস্থিতি বলে মনে হচ্ছে না। নিহতদের স্বজনদের পরিচয় শনাক্ত করতে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।
ডেটেকটিভ সুপারিনটেনডেন্ট পিট থ্যাকরে এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, “এটি একটি মর্মান্তিক ঘটনা যেখানে এক নারী ও তার শিশু সন্তান প্রাণ হারিয়েছেন। আমাদের গভীর সমবেদনা নিহতদের স্বজনদের প্রতি।” তিনি আরও যোগ করেন, “যারা এই অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রথম সারির উদ্ধারকারী হিসেবে এবং সাধারণ মানুষ হিসেবে তাদের সর্বাত্মক চেষ্টা করেছেন, আমি তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। যদিও ঘটনার তদন্ত চলছে, প্রাথমিক ইঙ্গিতগুলি বলে যে পরিস্থিতি কোনোভাবেই সন্দেহজনক নয়।”
তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান