মার্দানে বিমান বিধ্বস্ত, দুই সেনা কর্মকর্তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

মার্দানে পাকিস্তান বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই সেনা কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। সোমবার পৃথক শোকবার্তায় রাষ্ট্র ও সরকারপ্রধান এ ঘটনায় শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মুহাম্মদ কাসিম আবদুল্লাহ এবং পাকিস্তান নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসির আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় নিহত এই দুই নির্ভীক সেনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আল্লাহর দরবারে শহীদদের জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম নসিবের প্রার্থনা করার পাশাপাশি শোকাতুর পরিবারগুলো যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি অর্জন করতে পারে, সেই কামনাও করা হয়েছে।

রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি তার শোকবার্তায় বলেন, দেশমাতৃকার সুরক্ষায় জীবন উৎসর্গকারী সাহসী সন্তানদের আত্মত্যাগের কথা জাতি সর্বদা কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় শহীদদের এই অসামান্য অবদান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণার উৎস হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মাতৃভূমির প্রতিরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদার দক্ষতা ও আত্মনিবেদন অতুলনীয়। রাষ্ট্রের সুরক্ষায় সদা তৎপর এই বীর সন্তানদের অকাল মৃত্যুতে জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%