মিতব্যয়ী নীতি অনুসরণ, কেন্দ্রীয় মন্ত্রীদের পেট্রোল কোটা অর্ধেক করল পাকিস্তান সরকার

সরকার কর্তৃক গৃহীত কৃচ্ছ্রসাধন নীতির অংশ হিসেবে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের জ্বালানি তেলের কোটা উল্লেখযোগ্য হারে হ্রাস করেছে দেশটির সরকার। রোববার এক বিবৃতিতে পাকিস্তানের আইন ও বিচার বিষয়ক মন্ত্রী সিনেটর আজম নাজির তারার এই সিদ্ধান্তের কথা জানান। রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ কমাতে এবং সরকারি ব্যয় সংকোচনে গৃহীত পদক্ষেপের আওতায় এই পরিবর্তন আনা হয়েছে।
বিবৃতি অনুযায়ী, পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের মাসিক পেট্রোল বা জ্বালানি তেলের কোটা ৪০০ লিটার থেকে কমিয়ে ২০০ লিটারে নামিয়ে আনা হয়েছে। জাতীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় ব্যয় বিলোপের লক্ষ্যেই এমন কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। তিনি স্পষ্ট করেন যে, বর্তমান নীতি অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রীদের জন্য নতুন কোনো বাড়তি সুবিধা প্রদানের সুযোগ নেই।
পাকিস্তানর আইনমন্ত্রী আরও বলেন, মন্ত্রীদের জন্য নির্ধারিত ২০০ লিটারের মাসিক কোটা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তা আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে এই কৃচ্ছ্রসাধন কর্মসূচি চলমান থাকবে। মন্ত্রীদের পাশাপাশি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদেরও বিভিন্ন সুবিধা ইতোমধ্যে কমিয়ে আনা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের আরও পদক্ষেপ পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
আজম নাজির তারার জোর দিয়ে বলেন, সরকারি ব্যয় সংকোচন কেবল জাতীয় কোষাগারের ওপর থেকেই বোঝা কমাবে না, বরং দেশে টেকসই আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাকিস্তান সরকারের গৃহীত এই ধারাবাহিক উদ্যোগসমূহ রাষ্ট্রীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টারই প্রতিফলন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
